আগরতলা।। নারী নিরাপত্তা নিশ্চিত করা এবং মনীষা দাসের ন্যায্য বিচারের দাবিতে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে শুক্রবার আগরতলা শহরে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি পুলিশের মহা নির্দেশকের (ডিজিপি) কাছে ডেপুটেশন প্রদান করতে গেলে ফায়ার ব্রিগেড চৌমুহনী এলাকায় পুলিশ তাদের বাধা দেয় এবং আটকে রাখে।এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী অভিযোগ করেন, রাজ্যে নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, মনীষা দাসের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই তাদের এই কর্মসূচি।মনীষা দাসের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হলে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত অত্যন্ত জরুরি। তিনি অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান।

কর্মসূচিতে বক্তারা বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হলে সাধারণ মানুষের মধ্যে আইন ও প্রশাসনের প্রতি আস্থা ক্ষুণ্ণ হবে। তাই দ্রুত বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দিয়ে সত্য উদঘাটনের পথ সুগম করার আহ্বান জানান ।পাশাপাশি রাজ্যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তিনি।

মহিলা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *