আগরতলা।। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত দলের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এবং মন্ত্রিসভার প্রায় অধিকাংশ সদস্য সহ দলের বিধায়কগণ এবং বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় সহ মণ্ডল সভাপতি থেকে শুরু করে দলের বিভিন্ন পদাধিকারীগণ।
জানা যায়, দলের বিভিন্ন সাংগঠনিক বিষয় সহ আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচন এবং দুর্গাপূজার পরে অনুষ্ঠিত পৌর নিগমের নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি দলের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে এদিন নেতৃত্বের সাথে মতবিনিময় করেন ডাক্তার মানিক সাহা ও অভিষেক দেবরায়।
এদিকে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় জানান, ভিলেজ কমিটি নির্বাচন দোরগোড়ায়, তাই এই নির্বাচনকে সামনে রেখেই দলীয় নেতৃত্বের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই নির্বাচনের রণকৌশল ঠিক করা হবে।
