আগরতলা।। শুক্রবার সারা দেশের সঙ্গে রাজ্যেও পন্ডিত দীন দয়াল উপাধ্যায়ের ১১০ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয় । এই উপলক্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে দলের প্রথম সারির নেতৃবৃন্দ সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন। তারা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এদিন প্রদেশ বিজেপি নেতৃত্ব রতন ঘোষ জানান, পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নীতি, আদর্শ, বিচারধারা এবং একাত্ম মানবতাবাদ আজো প্রাসঙ্গিক। এটাই বিজেপির মূল মন্ত্র ।
এর উপর ভিত্তি করেই পূর্বতন অটল বিহারী বাজপেয়ী সরকার এবং বর্তমান নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার চলছে। তিনি আরো জানান, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় স্তর থেকে শুরু করে দেশের প্রতিটি বুথ স্তর পর্যন্ত বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে।
