আগরতলা : দেশজুড়ে “নারী শক্তি বন্ধন অধিনিয়ম ২০২৩” কার্যকর করার দাবিতে যখন বিভিন্ন মহলে জোরালো আলোচনা চলছে, তখন সেই দাবিকে সামনে রেখেই কর্মসূচিতে সামিল হল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস।
মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে পোস্টকার্ড প্রেরণ এবং স্বাক্ষর সংগ্রহ অভিযানের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে মহিলা কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বহু সাধারণ মহিলাও এই উদ্যোগে অংশগ্রহণ করেন।মহিলা কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, দেশের মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নের স্বার্থে “নারী শক্তি বন্ধন অধিনিয়ম ২০২৩” অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।
সংসদে এই আইন পাশ হলেও এখনও পর্যন্ত তা কার্যকর করা হয়নি। ফলে দেশের বহু মহিলার প্রত্যাশা পূরণ হচ্ছে না বলেও দাবি তাদের। নেতৃত্ব আরও জানায়, দেশের সংসদ ও বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষিত প্রতিনিধিত্ব নিশ্চিত হলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে এবং সমাজের বিভিন্ন স্তরে মহিলাদের ক্ষমতায়ন আরও শক্তিশালী হবে।এই কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীকে দ্রুত আইনটি কার্যকর করার আবেদন জানানো হয়েছে।
পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই স্বাক্ষর সংগ্রহ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে সংগঠন।মহিলা কংগ্রেসের নেতৃত্বের দাবি, শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, বাস্তবে মহিলাদের অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অবিলম্বে এই আইন কার্যকর করতে হবে।
আগামী দিনেও এই দাবিকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জেলায় আরও বৃহত্তর আন্দোলন ও গণস্বাক্ষর অভিযান চালানো হবে বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস।
