আগরতলা।। লোকসভা ও রাজ্য বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের আইন কোনও শর্ত ছাড়াই অবিলম্বে কার্যকর করার দাবিতে বটতলা এলাকায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করল ছয়টি নারী সংগঠন।
বর্ষাকালীন সংসদ অধিবেশন চলাকালীন এই দাবিকে সামনে রেখেই এদিন সংগঠনগুলির সদস্যরা একত্রিত হয়ে প্রতিবাদে সামিল হন।বিক্ষোভকারীদের বক্তব্য, সংসদে নারী সংরক্ষণ আইন পাস হলেও এখনও তা কার্যকর করা হয়নি। বিভিন্ন শর্ত ও সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়ার সঙ্গে এই আইনকে যুক্ত করে বাস্তবায়ন দীর্ঘদিন ধরে পিছিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা।
তাঁদের দাবি, আর কোনও বিলম্ব নয়—নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অবিলম্বে ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করতে হবে।এদিন বিক্ষোভে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান তোলেন। বক্তারা বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হলেও আইনসভায় তাঁদের প্রতিনিধিত্ব এখনও আশানুরূপ নয়।
গণতন্ত্রকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করতে নারীদের সমান রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে ছয়টি নারী সংগঠন কেন্দ্রীয় সরকারের কাছে বর্ষাকালীন অধিবেশনেই নারী সংরক্ষণ আইন কোনও শর্ত ছাড়াই কার্যকর করার দাবি জানায়।
পাশাপাশি, নারীদের সাংবিধানিক অধিকার ও রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান সংগঠনের নেতৃত্ব।
