আগরতলা।। আসন্ন পুরভোটকে সামনে রেখে শাসক শিবিরে তৎপরতা তুঙ্গে। আগরতলা পুর নিগম-সহ রাজ্যের ২১টি পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে এনডিএ জোট ঐক্যবদ্ধভাবেই লড়বে — রবিবারের হাইভোল্টেজ বৈঠকের পর এমনটাই স্পষ্ট করে দিলেন রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী রতন লাল নাথ।
রবিবার রাজ্য অতিথিশালার বৈঠকে মুখোমুখি হয় বিজেপি ও শরিক তিপ্রা মথার শীর্ষ নেতৃত্ব। দীর্ঘক্ষণ ধরে চলে রণকৌশল ও আসন সমঝোতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতন লাল নাথ জানান, “আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছি। তিপ্রা মথার তরফে কিছু প্রস্তাব এসেছে, সেগুলি দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সোমবার রাতের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।”
এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা, রাজ্যের মন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ দুই দলের অন্যান্য শীর্ষ নেতারা। উপস্থিতি থেকেই স্পষ্ট, জোটের অন্দরে আসন ভাগাভাগি নিয়ে কোনো ফাটল রাখতে চাইছে না গেরুয়া শিবির।দলীয় সূত্রে খবর, বৈঠকের মূল ফোকাস ছিল — তিপ্রা মথাকে কয়টি আসন ছাড়া হবে এবং কোন কোন ওয়ার্ডে তারা লড়াই করবে।
বিশেষ করে আগরতলা পৌর নিগমের ৫১টি ওয়ার্ডের মধ্যে মথার জনভিত্তি রয়েছে এমন ওয়ার্ডগুলি নিয়েই বেশি আলোচনা হয়েছে। বিজেপি চাইছে জোট ধর্ম মেনে সম্মানজনক আসন দিয়ে মথাকে সঙ্গে রাখতে, আর মথাও চাইছে তাদের শক্তি অনুযায়ী প্রতিনিধিত্ব।
সোমবার আরেক দফায় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেখানেই পুরো জট কাটতে চলেছে এবং আসন্ন পুর নির্বাচনে কোন দল কত আসনে লড়াই করতে যাচ্ছে সে বিষয়টিও স্পষ্ট হয়ে যাবে বলে রাজনৈতিক মহলের ধারণা।।
