ধর্মনগর।। আসন্ন ধর্মনগর পৌর পরিষদ ও পানিসাগর নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে শনিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ ও বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব।

শনিবার রেলপথে ধর্মনগরে পৌঁছান তিনি। এরপর ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে আয়োজিত বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দেন।প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বৈঠকের শুভ সূচনা করেন বিপ্লব কুমার দেব। এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি অমিত রক্ষিত, ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ, বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দল কংগ্রেস ও সিপিএমকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিপ্লব কুমার দেব।

তাঁর বক্তব্য, কংগ্রেস ও সিপিএম কখনও একসঙ্গে, আবার কখনও আলাদাভাবে রাজনৈতিক অবস্থান গ্রহণ করছে। তিনি বলেন, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে ধর্মনগরের মানুষ দেখেছেন, কীভাবে কংগ্রেস ও সিপিএম একসঙ্গে নির্বাচনে লড়াই করেছিল। অথচ বর্তমানে রাজ্যের পৌর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তারা আলাদাভাবে লড়াই করছে। কখন তারা একজোট হচ্ছে, আবার কখন আলাদা হয়ে যাচ্ছে, তা সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয় বলেও কটাক্ষ করেন তিনি।

বিপ্লব কুমার দেব আরও বলেন, ভারতীয় জনতা পার্টি জয়ী হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের সঙ্গেই থাকবে। বিজেপির এই অবস্থানের নিশ্চয়তা মানুষ নিতে পারেন। কিন্তু কংগ্রেস ও সিপিএমের রাজনৈতিক অবস্থানের কোনও নিশ্চয়তা নেই বলে দাবি করেন তিনি।বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকেও কটাক্ষ করতে ছাড়েননি বিপ্লব কুমার দেব। তাঁর অভিযোগ, কমিউনিস্ট নেতাদের মাঠে-ময়দানে মানুষের পাশে দেখা যায় না, তাঁদের বেশি দেখা যায় সামাজিক মাধ্যমে।

জিতেন্দ্র চৌধুরীর নামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সারাদিন সামাজিক মাধ্যমে বসে থেকে বিজেপি নেতৃত্বকে আক্রমণ করাই যেন তাঁর কাজ।এদিন কমিউনিস্ট নেতৃত্বের উদ্দেশে আরও কটাক্ষ করে বিপ্লব কুমার দেব বলেন, তাঁদের জন্য আশীর্বাদ করেন, যাতে তাঁদের সৎবুদ্ধির উদয় হয় এবং তাঁরা বিজেপির সঙ্গে চলে আসেন। তাঁর কথায়, বিজেপির সঙ্গে এলেই তাঁদের মুক্তি হবে।

আসন্ন পৌর পরিষদ ও পানিসাগর নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিপ্লব কুমার দেবের এই সফর এবং সাংগঠনিক বৈঠক উত্তর ত্রিপুরা জেলার রাজনৈতিক মহলে নতুন করে নির্বাচনী উত্তাপ বাড়াল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *