আগরতলা।। গণতন্ত্র বাঁচাও পদযাত্রায় সরগরম আগরতলা, ইন্ডিয়া জোটকে তুলোধোনা মুখ্যমন্ত্রী ও বিপ্লব দেবের রবীন্দ্র ভবন থেকে প্যারাডাইস চৌমুহনী পর্যন্ত বিজেপির মহামিছিল, হাজারো কর্মী-সমর্থকের ঢল
গণতন্ত্র বাঁচাও পদযাত্রাকে কেন্দ্র করে শনিবার সরগরম হয়ে উঠল আগরতলার রাজপথ। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় রাজধানীতে কার্যত জনজোয়ার নামে।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্য মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিধায়কগণ সহ দলের প্রদেশ ও জেলা স্তরের অন্যান্য নেতৃত্ব এবং হাজারো কর্মী-সমর্থক।আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়।
হাতে দলীয় পতাকা, বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে কর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করেন। শহরজুড়ে “গণতন্ত্র বাঁচাও”, “বিকশিত ত্রিপুরা” স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পরবর্তীতে পদযাত্রাটি প্যারাডাইস চৌমুহনীতে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়।
পদযাত্রা শেষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা ইন্ডিয়া ব্লককে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, বিরোধীরা দেশের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে। তাদের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড গণতন্ত্র বিরোধী। গণতন্ত্র রক্ষার প্রশ্নে বিজেপি আপসহীন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিজেপি বদ্ধপরিকর।
অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবও তাঁর বক্তব্যে ইন্ডিয়া ব্লককে নিশানা করেন। তিনি বিরোধীদের রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, দেশ যখন বিকাশের পথে এগিয়ে যাচ্ছে, তখন বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি দলীয় কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামী দিনে আরো শক্তিশালী সংগঠন গড়ে তোলার ডাক দেন।
এদিনের পদযাত্রাকে ঘিরে শহরে নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটসাঁট। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।
