আগরতলা, প্রতিনিধি :“সন্ত্রাস নয়, শান্তিই চাই”—এই বার্তাকে সামনে রেখে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানালেন জনজাতি মানুষেরা। একইসঙ্গে আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটকে গণতন্ত্রের উৎসবে পরিণত করার দাবিও তোলেন তাঁরা।

এদিকে তেলিয়ামুড়া মহকুমার সাম্প্রতিক অশান্তির আবহে রাজনৈতিক সমীকরণে দেখা দিয়েছে নতুন মোড়। গতকাল রাতে তিপ্রা মথা দলের দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে রবিবার উত্তর মহারানী এলাকায় এক নাটকীয় দলবদলের ঘটনা ঘটে। পাঁচটি পরিবারের মোট ২১ জন ভোটার তিপ্রা মথা দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।

উত্তর মহারানী এলাকায় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বাসভবনে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিজেপি দলে স্বাগত জানানো হয়।

এই প্রসঙ্গে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, শনিবার রাতে তিপ্রা মথার আশ্রিত দুষ্কৃতিকারীরা তেলিয়ামুড়া মহকুমার মানিক বাজার এলাকায় গিয়ে একাধিক গাড়িতে ভাঙচুর চালায়। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হন বলেও দাবি করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। সেখানে প্রত্যেক রাজনৈতিক দলেরই প্রচার চালানোর অধিকার রয়েছে। কিন্তু ভয় দেখিয়ে বা সন্ত্রাস সৃষ্টি করে সেই পরিবেশ নষ্ট করা ঠিক নয়। শান্তিপূর্ণ নির্বাচনই সকলের কাম্য।”

তাঁর দাবি, ওই ঘটনার জেরেই ক্ষুব্ধ হয়ে পাঁচটি পরিবারের ২১ জন ভোটার শান্তির বার্তা দিতেই স্বেচ্ছায় বিজেপিতে যোগদান করেছেন।

রাজনৈতিক মহলের মতে, আসন্ন স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই এই ধরনের দলবদলের ঘটনা নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা—ভোট যেন সত্যিই উৎসবের আবহে সম্পন্ন হয়, সংঘাতের নয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *