ওয়েব ডেস্ক জনদর্পন।। উত্তরাখণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ফের হেলিকপ্টার দুর্ঘটনার আশঙ্কা! বদ্রীনাথ থেকে ফাটা যাওয়ার পথে নিখোঁজ ট্রান্স ভারত অ্যাভিয়েশনের একটি হেলিকপ্টার। পাইলট-সহ মোট ছয়জনের কোনও সন্ধান মেলেনি এখনও।
পাহাড়ি আকাশে হঠাৎই উধাও যাত্রীবাহী হেলিকপ্টার! শুক্রবার উত্তরাখণ্ডের চামোলি জেলার জোশীমঠ এলাকায় এই ঘটনাকে ঘিরে ছড়িয়েছে উদ্বেগ। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, হাতি পাহাড়ের পিছনে ছাই গ্রামের কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে থাকতে পারে। তবে এখনও পর্যন্ত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা যায়নি, মেলেনি ধ্বংসাবশেষের সন্ধানও।নিখোঁজ হেলিকপ্টারটি পরিচালনা করছিল ট্রান্স ভারত অ্যাভিয়েশন। তাতে পাইলট-সহ মোট ছয়জন ছিলেন বলে জানা গিয়েছে।
হেলিকপ্টারটির সন্ধানে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। আকাশপথে অনুসন্ধানের জন্য মোতায়েন করা হয়েছে আরও দুটি হেলিকপ্টার।তবে উদ্ধার অভিযানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিকূল আবহাওয়া। একটানা বৃষ্টি ও ঘন মেঘের কারণে দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি চালাতে সমস্যায় পড়ছেন উদ্ধারকারীরা।জোশীমঠের মহকুমাশাসক জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তথ্য এখনও নিশ্চিত নয়।
সম্ভাব্য দুর্ঘটনাস্থলের দিকে দল পাঠানো হয়েছে।উল্লেখ্য, চলতি মাসেই উত্তরাখণ্ডে খারাপ আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে দুটি হেলিকপ্টারকে জরুরি অবতরণ করতে হয়েছিল। ফলে পাহাড়ি এলাকায় হেলিকপ্টার পরিষেবার নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ তৈরি হয়েছে।
images courtesy copy from Google images
