ওয়েব ডেস্ক জনদর্পন।। নেদারল্যান্ডস সফরকালে ডাচ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হয় চোল সাম্রাজ্যের ঐতিহাসিক তাম্রলিপিগুলি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনও।জানা গিয়েছে, ইউরোপে ‘লাইডেন প্লেটস’ নামে পরিচিত এই তাম্রলিপিগুলি দীর্ঘদিন ধরে লাইডেন বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত ছিল। প্রত্নতাত্ত্বিকদের মতে, এগুলি চোল সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নথি।তাম্রলিপিতে ২১টি বড় এবং ৩টি ছোট ফলক রয়েছে। অধিকাংশ লেখাই খোদাই করা হয়েছে তামিল ভাষায়।
সেখানে চোল সাম্রাজ্যের ইতিহাস, সংস্কৃতি এবং শাসনব্যবস্থার বিভিন্ন দিক উঠে এসেছে।ঐতিহাসিক এই সম্পদ ফেরত পাওয়ার পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “সকল ভারতীয়ের জন্য এটি এক আনন্দের মুহূর্ত।” পাশাপাশি তিনি নেদারল্যান্ডস সরকার এবং লাইডেন বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান এই ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করার জন্য।জানা গিয়েছে, ভারত ২০১২ সাল থেকেই এই তাম্রলিপি ফেরত চেয়ে আসছিল।
অবশেষে দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার পর তা ভারতের হাতে ফিরে এল।কূটনৈতিক মহলের মতে, নেদারল্যান্ডস সফরে এই ঐতিহাসিক সম্পদ ফিরিয়ে আনা প্রধানমন্ত্রী মোদীর একটি বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।
