ওয়েব ডেস্ক জনদর্পন।। দেশের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভে সর্বোচ্চ ৩ কোটি ব্যারেল অপরিশোধিত তেল সংরক্ষণ করবে ইউএই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র আবুধাবি সফরের পরই সামনে এল এই বড় ঘোষণা।

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার মধ্যেই ভারতের জন্য বড় স্বস্তির খবর। ভারতের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভে সর্বোচ্চ ৩ কোটি ব্যারেল অপরিশোধিত তেল সংরক্ষণ করবে সংযুক্ত আরব আমিরশাহি বা ইউএই।সম্প্রতি আবুধাবি সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ইউএই প্রেসিডেন্ট Mohamed bin Zayed Al Nahyan-এর সঙ্গে বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতেই এই চুক্তি। ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস লিমিটেড এবং আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তিকেও স্বাগত জানানো হয়েছে।বিশেষজ্ঞদের মতে, ইরান-আমেরিকা উত্তেজনা এবং হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইউএই-এর সঙ্গে এই চুক্তি ভারতের জন্য বড় কৌশলগত সুবিধা এনে দিতে পারে।

শুধু তেল নয়, গ্যাস সংরক্ষণ, এলপিজি সরবরাহ, প্রতিরক্ষা, সামুদ্রিক সহযোগিতা ও পরিকাঠামো উন্নয়ন নিয়েও একাধিক চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। ইউএই ভারতের বিভিন্ন ক্ষেত্রে প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণাও করেছে।

বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি ভবিষ্যতে জ্বালানি সঙ্কট মোকাবিলায় ভারতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

images courtesy copy from Google images

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *