ওয়েব ডেস্ক জনদর্পন।। বীরভূমের তারাপীঠে পালিত হচ্ছে ভাদ্র মাসের ঐতিহ্যবাহী কৌশিকী অমাবস্যা। ২০২৬ সালের কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে বৃহস্পতিবার সকাল ১০টা ১১ মিনিটে এবং শেষ হবে শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে।তিথি শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি।
তবে তার আগেই ভোর থেকে তারাপীঠ মন্দির চত্বরে পুণ্যার্থীদের ভিড় চোখে পড়ার মতো। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই বহু ভক্তের সমাগম হয়েছে।কৌশিকী অমাবস্যা উপলক্ষে ভোরবেলায় মা তারাকে স্নান করিয়ে বিশেষ সাজে সাজানো হয়। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। সকাল থেকেই ভক্তদের দীর্ঘ লাইন এবং পুজো-অর্চনাকে ঘিরে তৈরি হয়েছে উৎসবের আবহ।
প্রতি বছর কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে। এবছরও ভক্ত সমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তা ও পরিষেবার ক্ষেত্রে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে মন্দির কমিটি এবং পুলিশ-প্রশাসন।ইতিমধ্যেই ‘জয় মা তারা’ ধ্বনিতে মুখরিত গোটা মন্দিরনগরী। তিথি যত এগোবে, পুণ্যার্থীদের ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
কৌশিকী অমাবস্যাকে ঘিরে ভক্তদের ভিড়ে এখন থেকেই উৎসবের চেহারা তারাপীঠে। মা তারার দর্শন ও পুজো দিতে দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের সমাগমে জমজমাট মন্দিরনগরী।
images copy from Google images
