আগরতলা: রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের পথ আরও সুগম করতে উদ্যোগী রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ব্যাপক নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী পূর্ত দপ্তরে জেআরবিটি-র মাধ্যমে ১৮৫ জন জুনিয়র পাম্প অপারেটরনিয়োগ করা হবে। একইসঙ্গে টিপিএসসি-র মাধ্যমে পূর্ত দপ্তরের অধীন ৩১০টি জুনিয়র ইঞ্জিনিয়ার পদ পূরণ করা হবে।
ভেটেরিনারি কলেজের জন্য ৫৭ জন ফ্যাকাল্টি নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১৭ জন অধ্যাপক, ২০ জন সহযোগী অধ্যাপক এবং ২০ জন সহকারী অধ্যাপক রয়েছেন। এই ৫৭টি পদের নিয়োগ প্রক্রিয়াও টিপিএসসি-র মাধ্যমে সম্পন্ন হবে।এদিন মন্ত্রী আরও জানান, এখন থেকে সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক থাকছে না।
সম্প্রতি দিল্লির এক চাকরিপ্রার্থী পিআরটিসি নিয়ে ত্রিপুরা হাইকোর্টে মামলা করলে আদালত রাজ্য সরকারকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয়। এরপর সরকার সিদ্ধান্ত নিয়েছে, চাকরিপ্রার্থীদের এখন থেকে ত্রিপুরার যে কোনো বিদ্যালয়ে একটানা পাঁচ বছর পড়াশোনার শংসাপত্র জমা দিলেই আবেদন করা যাবে।
পাশাপাশি রাজ্যের চারটি জায়গায় ফায়ার স্টেশন স্থাপনেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।। এছাড়া কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী জুডো খেলোয়াড় অস্মিতা দে কে আড়াই গন্ডা জমি দেওয়ার ও সিদ্ধান্ত গ্রহণ করেছে।।।
