শিলচর, ২৯ অক্টোবর: লামডিং-বদরপুর পাহাড়ি রেলপথে বড়সড় বিপত্তি। বরাক রেলসেতুর কাছে লাইনচ্যুত হল শিলচর-গুয়াহাটি এক্সপ্রেসের ইঞ্জিনের সামনের ট্রলি। বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ বদরপুর ও সুকৃতিপুর রেলস্টেশনের মধ্যবর্তী ১৬৬/৭ কিলোমিটার পয়েন্টে এই ঘটনা ঘটে।

তবে স্বস্তির খবর, ট্রেনের সমস্ত যাত্রী নিরাপদ রয়েছেন। এখনও পর্যন্ত কোনও হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অধীন এই দুর্ঘটনার খবর জানিয়ে রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইঞ্জিনের পিছনের অংশ-সহ সমস্ত যাত্রীবাহী বগি সরিয়ে বদরপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

বর্তমানে ঊর্ধ্বতন রেল আধিকারিকদের তত্ত্বাবধানে দুর্ঘটনাস্থলে রেললাইন পুনরুদ্ধারের কাজ চলছে।এই ঘটনার জেরে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের একাধিক ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। গুয়াহাটি-শিলচর এক্সপ্রেসকে বিহারায়, শিয়ালদহ-শিলচর এক্সপ্রেসকে নিউ হাফলংয়ে, সাইরাং-কলকাতা এক্সপ্রেসকে বদরপুরে, আগরতলা-লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেসকে নিউ করিমগঞ্জে, আগরতলা-শিয়ালদহ এক্সপ্রেসকে ধর্মনগরে এবং কলকাতা-সাইরাং এক্সপ্রেসকে লংটিং স্টেশনে আটকে রাখা হয়েছে।

পাশাপাশি, বৃহস্পতিবারের শিলচর-গুয়াহাটি এক্সপ্রেসের যাত্রা বদরপুর স্টেশনেই শেষ করতে হয়েছে। বদরপুর থেকে গুয়াহাটি পর্যন্ত এই ট্রেনের পরিষেবা বাতিল করা হয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার যাত্রা শুরুর কথা থাকা গুয়াহাটি-শিলচর এক্সপ্রেসও বাতিল করা হয়েছে।দুর্ঘটনার পর দ্রুত রেলপথ পুনরুদ্ধার করে স্বাভাবিক ট্রেন চলাচল চালু করাই এখন রেল কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য।

যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের কাছ থেকে ট্রেন চলাচল সংক্রান্ত সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।ইঞ্জিনের সামনের ট্রলি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেল চলাচলে বিঘ্ন ঘটলেও, সমস্ত যাত্রী নিরাপদ থাকায় বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *