শান্তিরবাজার : দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বগাফা ব্লকে আজ ছিল উৎসবের আমেজ। নির্ধারিত সময় সকাল ৭টা থেকেই বগাফা ব্লকের ১৪টি ভিলেজে শুরু হয়ে যায় ভোটগ্রহণ পর্ব।
সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে নারী-পুরুষ, বৃদ্ধ-যুবক নির্বিশেষে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে।সকালে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে আসেন ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। তিনি তাঁর স্ত্রী ও মাকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। ভোট দিয়ে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ১০ বছর পর মানুষ নিজের গ্রামের সরকার বেছে নেওয়ার সুযোগ পেয়েছে, তাই মানুষের মধ্যে এত উৎসাহ।
অন্যদিকে দেবীপুর ভিলেজের ৩ নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করেন এমডিসি কেনারাম রিয়াং। সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় দক্ষিণ জোনের জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াংকেও।ভোটের সবচেয়ে বড় ছবি ছিল রাজনৈতিক সৌজন্যের। বিভিন্ন বুথে বিজেপি ও তিপ্রা মথার কর্মী-সমর্থকদের একে অপরের সঙ্গে কোলাকুলি করে সৌহার্দ্য বিনিময় করতে দেখা যায়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ভোটের দিনে এই পারস্পরিক সৌজন্যের ছবি বিশেষভাবে নজর কেড়েছে।
বগাফা ব্লকের ১৪টি ভিলেজের দখল নিয়ে এনডিএ জোটের দুই শরিক দলই আত্মবিশ্বাসী। তবে চূড়ান্ত ফলাফল প্রকাশের পরই স্পষ্ট হবে ভোটারদের রায় কার পক্ষে গেল। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা
