আগরতলা।। ১১ দফা দাবিতে আগরতলায় ধর্নায় বসলেন সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা!অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা এবং আর্থিক সুযোগ-সুবিধায় সমতার দাবিতে সরব হলেন তাঁরা।

শনিবার আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী মূর্তির পাশে এই ধর্না কর্মসূচি পালন করে ফোরাম অব সিভিল পেনশনার্স’ অ্যাসোসিয়েশনস, ত্রিপুরা স্টেট।শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই ধর্না কর্মসূচি। সংগঠনের দাবি, অবসরপ্রাপ্ত কর্মচারী ও পেনশনভোগীদের একাধিক সমস্যা দীর্ঘদিন ধরে সমাধানহীন অবস্থায় রয়েছে।

আর সেই সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবিতেই এবার পথে নামতে হয়েছে তাঁদের।সংগঠনের পক্ষ থেকে সামনে রাখা হয়েছে মোট ১১ দফা দাবি। এর মধ্যে অন্যতম—ভ্যালিডেশন সংক্রান্ত ব্যবস্থা প্রত্যাহার, সমস্ত অংশের পেনশনভোগীদের মধ্যে সমতা প্রতিষ্ঠা, নির্দিষ্ট সময় অন্তর পে কমিশন চালু এবং পে কমিশনের প্রক্রিয়ার সঙ্গে অন্তর্বর্তী আর্থিক সুবিধা প্রদান।

পাশাপাশি ডিয়ারনেস রিলিফ অর্থাৎ ডিআর ৫০ শতাংশে পৌঁছানোর পর তা মূল বেতন ও মূল পেনশনের সঙ্গে যুক্ত করার দাবিও জানানো হয়েছে।ধর্না কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সচিব গোপাল চন্দ্র সেন বলেন, পেনশনভোগীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যেই এই আন্দোলন। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও প্রত্যাশিত সমাধান না হওয়ায় আন্দোলনের পথে নামতে হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে সংগঠনের সভাপতি মানিক লাল ভট্টাচার্যী বলেন, দীর্ঘ কর্মজীবনে সরকারি দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত কর্মচারীদের ন্যায্য আর্থিক সুবিধা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

ধর্না থেকে সরকারের কাছে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আবেদন জানানো হয়।পাশাপাশি দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *