আগরতলা।। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে আগরতলা পৌরনিগমে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। দুর্গাপূজার দিনগুলিতে পুরো পৌরনিগম এলাকায় যাতে পরিচ্ছন্নতা বজায় থাকে, রাস্তাঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এবং সাধারণ মানুষের পরিষেবায় যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর এবং পৌরনিগমের আধিকারিকরা।জানা গেছে, দুর্গাপূজার সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকায় আলোর ব্যবস্থা আরও জোরদার করা হবে। উৎসবের দিনগুলিতে নাগরিক পরিষেবা সচল রাখার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে অতিরিক্ত লোক নিয়োগের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে বৈঠক থেকে জানা যায়।
বৈঠকে সার্বিকভাবে জানানো হয়, অন্যান্য বছরের মতো এবারও শারদীয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়, তার জন্য আগরতলা পৌরনিগমের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।দুর্গাপূজার দিনগুলিতে শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের সুবিধা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই পৌরনিগমের অন্যতম লক্ষ্য বলে জানানো হয়েছে।
উৎসবকে আরও সুন্দর ও নির্বিঘ্ন করে তুলতে সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
