আগরতলা।। মেরিট লিস্ট প্রকাশ এবং ২০২৪ সালে টেট উত্তীর্ণ সকলকে একসঙ্গে চাকরি প্রদানের দাবিতে সোমবার রাজধানীতে ফের বিক্ষোভ কর্মসূচিতে শামিল হলেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।
আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন চাকরিপ্রার্থীরা টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা (TRBT)-র চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশনে তারা অবিলম্বে স্নাতক (Graduate) ও স্নাতকোত্তর (Post Graduate) শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার এবং মেধা তালিকা প্রকাশ করার দাবি জানান।আন্দোলনে অংশ নিয়ে এক চাকরিপ্রার্থী জানান, রাজ্যের বিভিন্ন স্কুলে তীব্র শিক্ষক সংকট থাকা সত্ত্বেও সরকার অজ্ঞাত কারণে টেট উত্তীর্ণদের নিয়োগ করছে না।
ক্ষুব্ধ চাকরিপ্রার্থীদের অভিযোগ, ভারতবর্ষে UPSC, SSC-র মতো পরীক্ষায় স্বচ্ছভাবে নিয়োগ হলেও ত্রিপুরায় এই ধরনের বেলাল্লাপনা চলছে। সরকার ইচ্ছাকৃতভাবে বেকারদের সঙ্গে রসিকতা করছে এবং নিয়োগ প্রক্রিয়াকে ঝুলিয়ে রাখছে।অবিলম্বে মেরিট লিস্ট প্রকাশ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
