আগরতলা:“Probity for Prosperity”—অর্থাৎ ‘সততা থেকেই সমৃদ্ধি’। এই মূল বার্তাকে সামনে রেখে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হলো ভিজিল্যান্স সচেতনতা কর্মসূচি।

চলমান তিন মাসব্যাপী ভিজিল্যান্স সচেতনতা অভিযানের অঙ্গ হিসেবেই এই কর্মসূচির আয়োজন করা হয়।উল্লেখ্য, চলতি বছরের ১৭ আগস্ট থেকে ১৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত দেশজুড়ে ভিজিল্যান্স সচেতনতা অভিযান পালিত হচ্ছে।

সেই ধারাবাহিকতায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকেও সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসনের গুরুত্ব তুলে ধরা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের আইন দপ্তরের সচিব শ্রীমতী শেরী দাস। এছাড়াও ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান বলেন, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতাই জনসাধারণের আস্থা অর্জন এবং একটি প্রতিষ্ঠানের টেকসই অগ্রগতির মূল ভিত্তি। ভিজিল্যান্সকে শুধুমাত্র অনিয়ম শনাক্ত করার ব্যবস্থা হিসেবে না দেখে অনিয়ম প্রতিরোধ, ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, পরিষেবা ও প্রক্রিয়ার উন্নয়ন এবং নৈতিক সিদ্ধান্ত গ্রহণের একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে দেখতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

ব্যাংকের সকল কর্মীকে সর্বোচ্চ সততা ও স্বচ্ছতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ, গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং জবাবদিহিমূলক ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।তিনি আরও বলেন, “Probity for Prosperity” শুধুমাত্র একটি স্লোগান নয়, এর মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বার্তা—সততা আস্থা তৈরি করে, আস্থা বিশ্বাসযোগ্যতা তৈরি করে এবং বিশ্বাসযোগ্যতাই টেকসই সমৃদ্ধির পথকে সুগম করে।

আগামী ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত ভিজিল্যান্স সচেতনতা সপ্তাহ পালনের মধ্য দিয়ে চলমান এই অভিযানে আরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।কর্মসূচির মাধ্যমে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসনের সংস্কৃতিকে আরও শক্তিশালী করার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *