আগরতলা: সাংবাদিকতা জগতে আরও একবার ত্রিপুরার নাম উজ্জ্বল করলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। সম্প্রতি ফেডারেশন অব প্রেস ক্লাবস (ইন্ডিয়া)-এর উপ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তিনি। গত ২২ আগস্ট হায়দরাবাদে অনুষ্ঠিত ফেডারেশনের গভর্নিং কাউন্সিলের সভায় প্রণব সরকারকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত প্রণব সরকার বর্তমানে জার্নালিস্ট ইউনিয়ন অব ত্রিপুরার সভাপতি এবং ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবাদ জগতে তাঁর দীর্ঘদিনের অবদান ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই ফেডারেশন অব প্রেস ক্লাবস ইন্ডিয়ার উপ-সভাপতি পদে তাঁর নির্বাচন বলে মনে করছেন সাংবাদিক মহলের একাংশ।

উল্লেখ্য, এর আগে ফেডারেশন অব প্রেস ক্লাবস ইন্ডিয়ার কার্যকরী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন প্রণব সরকার। তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণে ত্রিপুরার সাংবাদিক মহলে খুশির আবহ তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকে তাঁকে জানানো হচ্ছে শুভেচ্ছা ও অভিনন্দন।

এদিকে, আজ প্রণব সরকারকে বিশেষ সংবর্ধনা প্রদান করে ভয়েস অব মিডিয়া। সংগঠনের পক্ষ থেকে তাঁর হাতে সংবর্ধনা তুলে দিয়ে নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভয়েস অব মিডিয়ার রাজ্য সভাপতি কৌশিক অধিকারী, রাজ্য সম্পাদক বাপন সাহা, কার্যকরী সম্পাদক মনি দেবনাথ, মুখপাত্র রামাব্রত দেব এবং সদস্য দীপঙ্কর সাহা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রণব সরকারের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং ত্রিপুরার সাংবাদিক সমাজের কাছেও এটি অত্যন্ত গর্বের বিষয়। আগামী দিনে সাংবাদিকদের স্বার্থ ও সংবাদমাধ্যমের উন্নয়নে তাঁর নেতৃত্ব আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।

ত্রিপুরা থেকে জাতীয় স্তরের সাংবাদিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রণব সরকার—এই সাফল্য নিঃসন্দেহে রাজ্যের সংবাদ জগতের জন্য এক গর্বের অধ্যায়।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *