আগরতলা।। ফের নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য পেল কাঞ্চনপুর পুলিশ। ৯৫০০ ইয়াবা ট্যাবলেট সহ এক নেশা কারবারিকে আটক করা হয়েছে। ধৃতের নাম শংকর রিয়াং।

গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ এবং কাঞ্চনপুর থানার ওসি শ্রীকান্ত রুদ্র পাল আসাম রাইফেলসের একটি দলকে নিয়ে নেশার বিরুদ্ধে জোরদার অভিযান চালান। অভিযানে কাঞ্চনপুর থানাধীন এফসিআই গোডাউন সংলগ্ন এলাকা থেকে শংকর রিয়াংকে আটক করা হয়। তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় ৯৫০০টি ইয়াবা ট্যাবলেট। পাশাপাশি নেশা পাচারের কাজে ব্যবহৃত বাইকটিও বাজেয়াপ্ত করে পুলিশ।

এই অভিযানে নেতৃত্ব দিয়ে কাঞ্চনপুরের এসডিপিও উৎপলেন্দু দেবনাথ জানান, দীর্ঘদিন ধরেই শংকর রিয়াং নেশা পাচারের সঙ্গে যুক্ত ছিল। মঙ্গলবার তাকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *