আগরতলা : আগরতলার টাউন হলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো নবীন কালচারাল একাডেমীর ১৮তম বর্ষপূর্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ত্রিপুরার বিশিষ্ট চিত্রশিল্পী ও নবীন কালচারাল একাডেমীর পরিচালক শ্রী নবীন দত্ত মহোদয়ের পরিচালনায় দুপুর ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ত্রিপুরা গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফটের সহযোগী অধ্যাপক শ্রদ্ধেয় ড. শ্রী দেবব্রত দাস মহোদয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ, সংস্কৃতি, শিল্প ও সাংবাদিকতা জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া থিয়েটার কাউন্সিলের সর্বভারতীয় সচিব ও সঙ্গীত নৃত্য সোসাইটির সাধারণ সম্পাদিকা শ্রীমতী শিবানী গোস্বামী মহোদয়া, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী অমিত ভৌমিক মহোদয়, জনদর্পণ ও নর্থ ইস্ট নিউজ পেপারের সম্পাদক শ্রী বাপন সাহা মহোদয়, আর্ট সোসাইটির সভাপতি শ্রী কৃষ্ণকান্ত দেবনাথ মহোদয়, আর্ট সোসাইটির সাধারণ সম্পাদক শ্রী প্রসেনজিৎ চক্রবর্তী মহোদয় এবং বিশিষ্ট নৃত্য শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী রনজিৎ রাজপুত সিং মহোদয়।

প্রতিবারের মতো এবারও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর গণেশ বন্দনার মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতা ও সাবলীলতার সঙ্গে সঞ্চালনা করেন শ্রী দীপজয় চিসিম। তাঁর প্রাণবন্ত ও মাধুর্যময় সঞ্চালনা উপস্থিত দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত মুগ্ধ করে রাখে।অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল এক হাজারেরও বেশি পুরস্কার ও সম্মাননা প্রদান। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং বিভিন্ন রাজ্যস্তরের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী নবীন কালচারাল একাডেমীর ছাত্রছাত্রীদের হাতে একে একে তুলে দেওয়া হয় পুরস্কার ও সম্মাননা।

এত বিপুল সংখ্যক পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতিভা ও সাফল্যকে যথাযথভাবে স্বীকৃতি দেওয়ার এক অনন্য নজির সৃষ্টি করে নবীন কালচারাল একাডেমী।এদিন নবীন কালচারাল একাডেমীর পক্ষ থেকে প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ২৪ জন চিত্রশিল্পী তথা অঙ্কন শিক্ষক ও শিক্ষিকাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাঁদের নিষ্ঠা, পরিশ্রম ও শিক্ষার্থীদের শিল্পচর্চায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও একটি বিশেষ মুহূর্তের সাক্ষী থাকেন উপস্থিত দর্শকরা। সাউথ এশিয়ান ফ্রাটারনিটির পক্ষ থেকে ত্রিপুরার বিশিষ্ট তরুণ চিত্রশিল্পী শ্রী নবীন দত্ত মহোদয়কে “দ্য সাইনিং স্টার অব ত্রিপুরা” সম্মাননায় ভূষিত করা হয়। এই বিশেষ সম্মাননা প্রদান করেন শ্রীমতী শিবানী গোস্বামী, শ্রী কেশব বণিক ও শ্রী জীবন চক্রবর্তী মহোদয়।পুরস্কার বিতরণীর পাশাপাশি নবীন কালচারাল একাডেমীর কচিকাঁচা শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সঙ্গীত ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বকে আরও প্রাণবন্ত করে তোলে। তাদের অসাধারণ পরিবেশনায় টাউন হলের মঞ্চ মুখরিত হয়ে ওঠে। শিক্ষার্থীদের শিল্পীসত্তা, আত্মবিশ্বাস ও প্রতিভার প্রকাশ উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

নবীন কালচারাল একাডেমীর এই বিশেষ উদ্যোগকে ঘিরে আগরতলা ও আগরতলা সংলগ্ন বিভিন্ন এলাকার শিশু, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী চিত্রশিল্পী, তাঁদের অভিভাবক-অভিভাবিকা এবং শিল্পানুরাগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আগরতলা টাউন হল দর্শকে কানায় কানায় পূর্ণ ছিল।

শিল্পচর্চার প্রসার, নতুন প্রজন্মের শিল্পীদের উৎসাহ প্রদান এবং তাঁদের প্রতিভাকে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যে নবীন কালচারাল একাডেমীর এই ধারাবাহিক উদ্যোগ ইতিমধ্যেই বিশেষ গুরুত্ব লাভ করেছে। ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠান সেই পথচলার আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রইল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *