আগরতলা।। আগরতলার নন্দননগর ডন বস্কো স্কুলে স্কাউট ও গাইড স্বেচ্ছাসেবক এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে স্কাউট ও গাইডদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি।

মতবিনিময় অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, স্কাউট ও গাইডের সদস্যরা শুধু বিদ্যালয় বা শিক্ষাক্ষেত্রেই নয়, সমাজের বিভিন্ন প্রয়োজনের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা তৈরি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তাঁদের অবদান অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি।

সমাজের জন্য স্কাউট ও গাইড স্বেচ্ছাসেবকদের এই ভূমিকার প্রতি কুর্নিশ জানান রাজ্যপাল।তিনি আরও বলেন, সমাজের উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়। সমাজের প্রতিটি মানুষের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। বিশেষ করে ছাত্রছাত্রীদের ছোটবেলা থেকেই শৃঙ্খলা, দায়িত্ববোধ, মানবিকতা এবং সমাজসেবার মানসিকতা গড়ে তোলার উপর গুরুত্ব দেন তিনি।সমাজের প্রয়োজনে সকলকে নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ববান হয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাজ্যপাল।

পাশাপাশি স্কাউট ও গাইড আন্দোলনের মাধ্যমে আগামী প্রজন্মের মধ্যে নেতৃত্বের গুণাবলি এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।অনুষ্ঠানে স্কাউট ও গাইডের স্বেচ্ছাসেবক এবং শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন রাজ্যপাল। তাঁর বক্তব্যে সমাজসেবার প্রতি তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করার বার্তাই উঠে আসে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, সামাজিক দায়বদ্ধতা ও দেশপ্রেমের চেতনা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *