আগরতলা।। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি বিভিন্ন দপ্তরে নতুন পদ সৃষ্টি ও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি সাংবাদিক সম্মেলনে বিস্তারিতভাবে তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।নিয়োগের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত হিসেবে এলডিসি ও জেআরবিটি-র মাধ্যমে মোট ২১৯টি পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও স্বরাষ্ট্র দপ্তরে ৯১৬ জন কনস্টেবল সরাসরি নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। জনজাতি কল্যাণ দপ্তরেও একাধিক পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ফিক্সড পে ভিত্তিতে এলডিসি ও জেআরবিটি-র মাধ্যমে মাল্টি টাস্কিং স্টাফ ৯ জন এবং এলডিসি ৬ জন নিয়োগ করা হবে।
উচ্চশিক্ষা ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। উচ্চশিক্ষা দপ্তরের অধীনে সরকারি জেনারেল ডিগ্রি কলেজগুলির জন্য ২০০টি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, প্রথমে পদ সৃষ্টি করা হবে এবং পরবর্তীতে ওই পদগুলিতে নিয়োগের জন্য অনুমোদন দেওয়া হবে।
এদিকে রাজ্যে নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রেও মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, ত্রিপুরার সিপাহিজলা জেলার বিশালগড়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আবেদন করেছিল। সেই আবেদনের ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠকে সংশ্লিষ্ট বিল অনুমোদন করা হয়েছে।
মন্ত্রী জানান, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর ডিগ্রি, সার্টিফিকেট, ডিপ্লোমা, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, মাস্টার্স, পিএইচডি ও ডক্টরেটসহ বিভিন্ন উচ্চশিক্ষার কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে বিশালগড়ে এই বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে বলে জানান তিনি।
একদিকে বিপুল সংখ্যক সরকারি পদে নিয়োগ, অন্যদিকে উচ্চশিক্ষা ক্ষেত্রে নতুন পদ সৃষ্টি এবং নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত—মন্ত্রিসভার সাম্প্রতিক সিদ্ধান্তকে ঘিরে রাজ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।
