আগরতলা ।। এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। পদ সংখ্যা বাড়িয়ে সকল উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের দাবিতে এবার সরব হলেন চাকরিপ্রার্থীরা।
এসটিজিটি 2025 পরীক্ষা দেওয়া উত্তীর্ণ পরীক্ষার্থীরা তাদের চাকরি দাবিতে মুখ্যমন্ত্রী বাসভবন সামনে আন্দোলন করেন এবং রাস্তায় বসে পড়েন পরে পুলিশ এসে তাদেরকে তুলে নিয়ে যায়।তাদের দাবি, পরীক্ষায় তিন হাজারেরও বেশি প্রার্থী উত্তীর্ণ হলেও বর্তমানে ঘোষিত শূন্যপদ সেই তুলনায় অনেক কম। ফলে বহু যোগ্য প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।চাকরিপ্রার্থীরা দ্রুত পদ সংখ্যা বাড়ানোর দাবি জানান।
তাদের বক্তব্য, দীর্ঘদিন প্রস্তুতি ও পরিশ্রমের পর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও যদি নিয়োগ না হয়, তাহলে তা অত্যন্ত হতাশাজনক হবে। সকল উত্তীর্ণদের ধাপে ধাপে নিয়োগের রূপরেখা তৈরিরও দাবি তোলা হয়।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান। তাদের আশা, রাজ্য সরকার বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে শূন্যপদ বৃদ্ধি করবে এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে।
এখন রাজ্য সরকার এই দাবির প্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন হাজার হাজার চাকরিপ্রার্থী।
