আগরতলা ।। রাজ্যজুড়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এই গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি। প্রথম দিনের কার্যক্রমে জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাসের নেতৃত্বে গণনাকারী দল আগরতলা রাজনগর এলাকায় গিয়ে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজের সূচনা করেন।এদিন জনগণনা কর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের উৎসাহিত করেন অধিকর্তা রতন বিশ্বাস।
তিনি জানান, জনগণনা শুধুমাত্র জনসংখ্যা গণনার কাজ নয়, বরং দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, বিভিন্ন সরকারি প্রকল্প প্রণয়ন এবং জনকল্যাণমূলক কর্মসূচির ভিত্তি তৈরিতে এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তিনি আরও বলেন, রাজ্যের প্রতিটি জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণনার কাজ শুরু হয়েছে।
সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন। গোটা রাজ্যে যেন উৎসবের আবহেই এই কাজ এগিয়ে চলছে। সকলের সহযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যেই জনগণনা ২০২৭-এর প্রথম পর্বের কাজ সফলভাবে সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জনগণনা অধিকর্তা রতন বিশ্বাস।
