আগরতলা, নিজস্ব প্রতিনিধি: উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মেঘালয় (USTM)-এ কৃষি বিজ্ঞান ব্যতীত প্রায় সব ধরনের উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আইনসহ বিভিন্ন পেশাভিত্তিক ও সাধারণ বিষয়ে পাঠদানের ব্যবস্থা রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে।
শুক্রবার আগরতলার একটি বেসরকারি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ইউএসটিএম গুয়াহাটি বিমানবন্দর থেকে মাত্র প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে ত্রিপুরার বহু শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় সাত হাজার শিক্ষার্থী রয়েছে।সাংবাদিক সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী, যা নারী ক্ষমতায়ন ও উচ্চশিক্ষায় তাদের সক্রিয় অংশগ্রহণের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।এছাড়াও, আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা রয়েছে।
বিভিন্ন ধরনের ফেলোশিপ ও স্কলারশিপের পাশাপাশি পড়াশোনা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে দাবি করেন কর্তৃপক্ষ। বিভিন্ন স্বনামধন্য সংস্থার মাধ্যমে ক্যাম্পাস প্লেসমেন্টের সুযোগও শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করা হচ্ছে বলে জানানো হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, আধুনিক শিক্ষা ব্যবস্থা, দক্ষ শিক্ষক-শিক্ষিকা এবং কর্মমুখী পাঠক্রমের মাধ্যমে ইউএসটিএম উত্তর-পূর্বাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম আকর্ষণীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
