আগরতলা : পঞ্চায়েত স্তরে সুশাসন, স্বচ্ছতা ও জনমুখী প্রশাসনে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতকে আজ সম্মানিত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।রাজধানীর এডি নগরস্থিত গ্রাম স্বরাজ ভবন, স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে আয়োজিত রাজ্যভিত্তিক পঞ্চায়েত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় প্রতিটি পঞ্চায়েতকে স্বাবলম্বী ও আত্মনির্ভর করে তুলতে রাজ্য সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

উন্নয়নের সুফল যাতে প্রত্যন্ত গ্রামের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্য নিয়েই সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।তিনি বলেন, ‘বিকশিত ত্রিপুরা’ গড়ার লক্ষ্যে শক্তিশালী গ্রাম ও শক্তিশালী পঞ্চায়েত প্রতিষ্ঠায় রাজ্য সরকারের নিরন্তর প্রচেষ্টার প্রতিফলন জাতীয় স্তরে একাধিক সম্মান ও পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি প্রমাণ করে যে, রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা সঠিক দিশায় এগিয়ে চলেছে এবং সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে সফল হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সমাজের অন্তিম প্রান্তে বসবাসকারী মানুষের কাছেও যাতে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা এবং সুশাসনের সুফল পৌঁছে যায়, সে লক্ষ্যে সকল পঞ্চায়েত প্রতিনিধি ও সংশ্লিষ্ট আধিকারিকদের নিষ্ঠা, স্বচ্ছতা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, পঞ্চায়েত প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *