ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।।
সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত আগরতলা প্রেস ক্লাব ফুটবল প্রিমিয়ার লিগ-২০২৬ শনিবার আগরতলার ক্ষুদিরাম স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। নক-আউট ভিত্তিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চারটি দল— এপিসি ফাইটার, এপিসি টাইগার, এপিসি ওয়ারিয়র এবং এপিসি লায়ন।

প্রথম সেমিফাইনালে এপিসি ওয়ারিয়র ২-১ গোলে এপিসি লায়নকে পরাজিত করে ফাইনালে ওঠে। ওয়ারিয়রের হয়ে অমিত দেববর্মা ও সুমিত সিংহ একটি করে গোল করেন। লায়নের একমাত্র গোলটি আসে আত্মঘাতী গোলের সুবাদে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জাকির হোসেন।

দ্বিতীয় সেমিফাইনালে এপিসি টাইগার ১-০ গোলে এপিসি ফাইটারকে হারিয়ে ফাইনালে স্থান নিশ্চিত করে। ম্যাচের একমাত্র গোলটি করেন প্রণব শীল। তিনিই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
রোমাঞ্চকর ফাইনালে এপিসি ওয়ারিয়র ৬-২ গোলে এপিসি টাইগারকে পরাজিত করে শিরোপা জয় করে। ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে অমিত দেববর্মা একাই চারটি গোল করেন এবং ম্যাচের সেরা খেলোয়াড়ের সম্মান অর্জন করেন।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এপিসি লায়ন ৪-০ গোলে এপিসি ফাইটারকে পরাজিত করে তৃতীয় স্থান অধিকার করে। কিংকর শীল দুটি গোল করেন। এছাড়া অভিজিৎ মজুমদার ও অলোক চৌধুরী একটি করে গোল করেন। কিংকর শীল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার বিমল কুমার রায় চৌধুরী, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক অমিত চৌধুরী, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সহ-সভাপতি চিত্রা রায় এবং সম্পাদক রমাকান্ত দে।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় আগরতলা প্রেস ক্লাবের সারা বছরব্যাপী ক্রীড়া উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি (আইসিএ) দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সহ-সভাপতি চিত্রা রায় এবং সম্পাদক রমাকান্ত দে চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থানাধিকারী দলের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন।

প্রতিযোগিতায় অমিত দেববর্মা সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন। অপরদিকে স্বপন মিয়া টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন।
উল্লেখ্য, টুর্নামেন্টে অংশগ্রহণকারী চার দলের অধিনায়ক ছিলেন— সুপ্রভাত দেবনাথ (এপিসি ফাইটার), অভিষেক দেববর্মা (এপিসি টাইগার), সুমিত সিংহ (এপিসি ওয়ারিয়র) এবং মেঘধন দেব (এপিসি লায়ন)।


টুর্নামেন্ট এ সহযোগিতা করেছে রাধাকৃষ্ণ জুয়েলার্স, পিয়ারলেস হাসপাতাল, ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিকেল সায়েন্স। স্পোর্টস সাব কমিটির কনভেনার অভিষেক দে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *