আগরতলা।। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আরও একধাপ এগোল গরিব মানুষের স্বপ্নপূরণের উদ্যোগ। আজ ১৮ নম্বর সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের পশ্চিম আনন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৫০০ জন উপভোক্তার হাতে নতুন ঘরের অনুমোদনপত্র তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল।
এছাড়াও উপস্থিত ছিলেন ডুকলি আর.ডি. ব্লকের চেয়ারম্যান ভুলন সাহা, পশ্চিম আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।এদিন উপভোক্তাদের হাতে ঘরের অনুমোদনপত্র তুলে দিয়ে অতিথিরা জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গরিব ও অসহায় মানুষের মাথার উপর পাকা ছাদের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি প্রকল্পের সুফল পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য।
ঘরের অনুমোদনপত্র হাতে পেয়ে উপভোক্তাদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের একটি স্থায়ী ঠিকানা পাওয়ার আশায় উচ্ছ্বসিত তারা। অনুষ্ঠানে উপস্থিত উপভোক্তারা সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
