আগরতলা।। দীর্ঘদিন ধরে স্বল্প ভাতা, সীমিত সুযোগ-সুবিধা এবং অনিশ্চিত কর্মজীবনের মধ্যে দায়িত্ব পালন করে চলেছেন রাজ্যের বিশেষ পুলিশ কর্মীরা। বছরের পর বছর ধরে একই দাবি জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় এবার আন্দোলনের পথে নামলেন তাঁদের পরিবারের সদস্যরা।

শুক্রবার অল ত্রিপুরা বিশেষ পুলিশ কর্মী পরিবার কল্যাণ সংস্থার ব্যানারে পুলিশের মহা নির্দেশকের দপ্তরে দশ দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।সংগঠনের প্রতিনিধিরা জানান, বিশেষ পুলিশ কর্মীরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন, উৎসব-পার্বণ, প্রাকৃতিক দুর্যোগসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করলেও তাঁদের চাকরির কোনও স্থায়িত্ব নেই। সামান্য ভাতায় সংসার চালাতে গিয়ে বহু পরিবার চরম আর্থিক সংকটের মুখে পড়ছে।

একই সঙ্গে অন্যান্য পুলিশ কর্মীদের তুলনায় সুযোগ-সুবিধার ক্ষেত্রেও বৈষম্যের অভিযোগ তোলেন তাঁরা। পুলিশ মহা নির্দেশক অনুপস্থিত থাকায় স্মারকলিপি গ্রহণ করেন সদর দপ্তরের উপ-মহা পরিদর্শক। প্রতিনিধিদল আশা প্রকাশ করে জানায়, তাঁদের দাবিগুলি সরকারের কাছে গুরুত্বের সঙ্গে পৌঁছে দেওয়া হবে এবং দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।দশ দফা দাবির মধ্যে রয়েছে বিশেষ পুলিশ কর্মীদের চাকরি নিয়মিতকরণ, রাজ্য পুলিশের সমতুল্য বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা প্রদান, সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, কর্মজীবনের নিরাপত্তা বৃদ্ধি এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দাবি দ্রুত কার্যকর করা।

সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে বিশেষ পুলিশ কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা। এখন সরকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন হাজার হাজার বিশেষ পুলিশ কর্মী এবং তাঁদের পরিবার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *