আগরতলা।। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত আগরতলার ঐতিহ্যবাহী জগন্নাথ জিউ মন্দির। স্নানযাত্রা উৎসবকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ, বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে ১০৮ ঘড়া পবিত্র জল দিয়ে স্নান করানো হয়।
এই বিশেষ আচারই ‘স্নানযাত্রা’ নামে পরিচিত।পুরাণ মতে, রাজা ইন্দ্রদ্যুম্নের সময় থেকেই পুরীর শ্রীমন্দিরে এই উৎসবের সূচনা হয়। এরপর ধীরে ধীরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে জগন্নাথদেবের মন্দিরগুলিতেও স্নানযাত্রা উৎসব পালিত হতে শুরু করে। স্নানযাত্রার পর ভগবান জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন বলে বিশ্বাস করা হয়। তাই পরবর্তী পনেরো দিন দেবতারা ভক্তদের দর্শন দেন না। এই সময়কে ‘অনসর’ বা ‘অনবাসর’ পর্ব বলা হয়।এরপর নবযৌবন দর্শনের মধ্য দিয়ে ভগবান পুনরায় দর্শন দেন এবং শুরু হয় বহুল প্রতীক্ষিত রথযাত্রা উৎসব।
সেই কারণেই স্নানযাত্রাকে রথযাত্রার সূচনা পর্ব হিসেবেও গণ্য করা হয়।আগরতলার জগন্নাথ জিউ মন্দিরেও এদিন বিশেষ পূজা, আরতি, নামসংকীর্তন এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর বিগ্রহকে স্নান করানো হয়। ভক্তরা পুজো অর্চনা করে ভগবানের আশীর্বাদ গ্রহণ করেন।মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।
স্নানযাত্রার পবিত্র আচার সম্পন্নের মধ্য দিয়েই শুরু হলো ভগবান জগন্নাথের রথযাত্রার ক্ষণগণনা, এখন অপেক্ষা মহামিলনের সেই মহোৎসবের।
