আগরতলা।। তপশিলি জাতিভুক্ত সম্প্রদায়ের মানুষের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার সোনার তরী রাজ্য অতিথিশালয়ে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বৈঠক।

তপশিলি জাতি কল্যাণ উপ-কমিটির চেয়ারম্যানের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং দপ্তরের সচিব দীপা ডি নায়ারসহ দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।বৈঠকে তপশিলি জাতিভুক্ত বা এসসি সম্প্রদায়ের মানুষের জন্য বর্তমানে চালু থাকা বিভিন্ন সরকারি প্রকল্প ও কল্যাণমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পাশাপাশি, এই সম্প্রদায়ের মানুষের জীবনমানের আরও উন্নতি ঘটাতে কী ধরনের নতুন উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং আর্থিক সহায়তা সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।এছাড়াও সরকারি ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়, যাতে তপশিলি জাতিভুক্ত পরিবারগুলি আরও বেশি উপকৃত হতে পারে।

মন্ত্রী সুধাংশু দাস বলেন সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত অংশের মানুষের কাছে সরকারি পরিষেবা এবং উন্নয়নের সুফল সঠিকভাবে পৌঁছে দেওয়ার ওপরও জোর দেওয়া হয় বৈঠকে।বৈঠকে উপস্থিত সদস্যরা তপশিলি জাতিভুক্ত সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ ও মতামত তুলে ধরেন। ভবিষ্যতে এই সম্প্রদায়ের মানুষের শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।

রাজ্য সরকারের জনমুখী উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে তপশিলি জাতিভুক্ত জনগোষ্ঠীর কল্যাণে আরও নতুন পরিকল্পনা গ্রহণ এবং বিদ্যমান প্রকল্পগুলিকে শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করা হয় এই বৈঠকে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *