আগরতলা: কৃষকদের কৃষি পরামর্শ, সম্প্রসারণমূলক সেবা এবং অভিযোগ নিষ্পত্তির সুবিধা প্রদানের লক্ষ্যে আগরতলার নাগিছড়া স্থিত রাজ্য উদ্যান গবেষণা কেন্দ্রে কিষান হেল্পলাইন সেন্টার (KHC) চালু করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ।
তিনি জানান, ২০০৪ সালে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে কৃষকদের সময়মতো কৃষি তথ্য ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করার উদ্দেশ্যে কিষান কল সেন্টার (KCC) চালু করা হয়েছিল। ২০২৬ সালে এই উদ্যোগের পরিসর বৃদ্ধি করে এর নাম পরিবর্তন করে কিষান হেল্পলাইন সেন্টার (KHC) রাখা হয়েছে, যাতে কৃষি পরামর্শের পাশাপাশি কৃষক আউটরিচ এবং অভিযোগ নিষ্পত্তির কাজ আরও কার্যকরভাবে করা যায়।
মন্ত্রী আরও জানান, কৃষকরা ১৮০০-১৮০-১৫৫১ টোল-ফ্রি নম্বরে ফোন করে এই পরিষেবা গ্রহণ করতে পারবেন।
তিনি বলেন দেশজুড়ে ২২টি কেন্দ্রের মাধ্যমে কিষান হেল্পলাইন নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে, যার মোট ধারণক্ষমতা ৪৫০টি সিট। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রালয় , ভারত সরকারের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগরতলা কেন্দ্রটি ত্রিপুরা, মিজোরাম এবং মেঘালয় রাজ্যের কৃষকদের সেবা প্রদান করবে। এই কেন্দ্রটি প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত, এমনকি রবিবার ও সরকারি ছুটির দিনেও চালু থাকবে।
মন্ত্রী আরও জানান, অভিযোগ নিষ্পত্তির জন্য একটি সুসংগঠিত প্রক্রিয়া অনুসরণ করা হয়। প্রথমে অভিযোগগুলি কিষান হেল্পলাইন সেন্টারের সুপারভাইজার দ্বারা পর্যালোচনা করা হয়। প্রয়োজন হলে সেগুলি সংশ্লিষ্ট সেকশন অফিসার, গ্রিভেন্স অফিসার বা কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের আন্ডার সেক্রেটারির কাছে পাঠানো হয়। সমাধান হওয়ার পর পুনরায় তা কিষান হেল্পলাইন সেন্টারের-তে ফেরত আসে কৃষকদের মতামত নিয়ে চূড়ান্তভাবে নিষ্পত্তির জন্য। আধুনিক কল ম্যানেজমেন্ট ও অ্যানালিটিক্স সিস্টেমের মাধ্যমে এই কেন্দ্র পরিচালিত হয়।
তিনি জানান প্রতিটি কলের Call Data Records (CDR) সংরক্ষণ করা হয়, যেখানে কল আইডি, সময়কাল, স্ট্যাটাস এবং টাইমস্ট্যাম্প অন্তর্ভুক্ত থাকে। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে আগরতলার কিষান হেল্পলাইন সেন্টারের কৃষক, কৃষি বিশেষজ্ঞ এবং কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
