ওয়েব ডেস্ক জনদর্পন।। প্রশাসনিক সংস্কার থেকে জ্বালানি সঙ্কট— একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে দীর্ঘ সাড়ে চার ঘণ্টার বৈঠকে।বৃহস্পতিবার বিকেলে ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার উচ্চপর্যায়ের বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র নেতৃত্বে হওয়া এই বৈঠক চলে প্রায় সাড়ে চার ঘণ্টা।

বৈঠকে প্রশাসনিক সংস্কার, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সূত্রের খবর, বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দেন— প্রশাসনিক জটিলতা নয়, এবার জোর দিতে হবে নিয়মের সরলীকরণে। কোনও সরকারি ফাইল যাতে অপ্রয়োজনীয় প্রক্রিয়ায় আটকে না থাকে, সেই বিষয়েও মন্ত্রীদের সতর্ক করেন তিনি। পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যে উন্নয়নমূলক প্রকল্প শেষ করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।বৈঠকে নরেন্দ্র মোদী বলেন, “২০১৪ সাল থেকে সরকার ক্ষমতায় রয়েছে। এখন সময় অতীত নয়, ভবিষ্যতের দিকে তাকানোর।”

তিনি আরও জানান, ‘বিকশিত ভারত ২০৪৭’ শুধুমাত্র স্লোগান নয়, বরং দেশের জাতীয় প্রতিশ্রুতি।পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং সম্ভাব্য আর্থিক সঙ্কট নিয়েও বৈঠকে আলোচনা হয়। সূত্রের দাবি, জ্বালানি সঙ্কট মোকাবিলায় বায়ো-গ্যাস উৎপাদনের উপর বিশেষ জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিন কৃষি, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবহন, পরিবেশ-সহ মোট নয়টি মন্ত্রকের সংস্কারমূলক কাজের অগ্রগতি নিয়ে প্রেজেন্টেশন তুলে ধরা হয়।এছাড়াও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সাম্প্রতিক পাঁচ দেশের সফরের তাৎপর্য নিয়েও বিস্তারিত উপস্থাপনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *