আগরতলা।। মঙ্গলবার আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল বা আইজিএম হাসপাতালের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সকাল থেকেই হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হন নার্সিং স্টাফ, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, প্রশিক্ষণরত নার্সিং ছাত্রছাত্রী সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মীরা।
“নার্সেস: এ ভয়েস টু লিড” এই বার্তাকে সামনে রেখে আয়োজিত র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার। র্যালিটি আইজিএম হাসপাতাল থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। র্যালি চলাকালীন সাধারণ মানুষের মধ্যেও স্বাস্থ্য সচেতনতার বার্তা তুলে ধরা হয়। পরে পুনরায় আইজিএম হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয় এই কর্মসূচি।এদিন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, স্বাস্থ্য পরিষেবার অন্যতম প্রধান ভিত্তি হলেন নার্সরা। দিন-রাত নিরলসভাবে রোগীদের সেবায় নিজেদের নিয়োজিত রাখেন তাঁরা। করোনা মহামারির সময় নার্সদের ভূমিকা গোটা বিশ্বের সামনে আরও স্পষ্টভাবে উঠে এসেছে।
নিজেদের জীবন বাজি রেখে রোগীদের পাশে দাঁড়িয়েছিলেন তাঁরা।নার্সদের এই আত্মত্যাগ, মানবিকতা ও পেশাগত দায়িত্ববোধকে সম্মান জানাতেই প্রতি বছর আন্তর্জাতিক নার্সেস ডে পালন করা হয় বলে জানান আয়োজকরা। পাশাপাশি ভবিষ্যতেও স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরা হয় অনুষ্ঠানে।
