আগরতলা।। যথাযোগ্য মর্যাদায় বিজেপি দলের প্রদেশ কার্যালয় প্রাঙ্গণে ডঃ বি আর আম্বেদকর এর ১৩৬ তম জন্ম জয়ন্তী প্রতিপালন করা হয়েছে।
প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই জন্মজয়ন্তী প্রতিপালন করা হয়। মুখ্যমন্ত্রীসহ উপস্থিত অন্যান্য ব্যক্তিত্বরা আম্বেদকরের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
আজকের দিনে দাঁড়িয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যেভাবে গোটা জীবন রীতিমত সংগ্রাম করার মধ্য দিয়ে আম্বেদকর এগিয়ে গেছেন প্রতিষ্ঠিত হয়েছেন এবং দেশ তথা জাতিকে পথ দেখিয়েছেন সে বিষয়টা উল্লেখ করেন।
পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেন বর্তমান সময়ে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দেশের সরকার আম্বেদকরের দেখানো পথে পশ্চাৎপদ অংশ তথা পিছিয়ে পড়া অংশের উন্নয়নের মধ্য দিয়ে দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করার জন্য নির্দিষ্ট দিশায় কাজ করে চলেছে।
আম্বেদকরের দৃষ্টান্ত তুলে এনে মুখ্যমন্ত্রী সকলের উদ্দেশ্যে বার্তা রাখেন প্রকৃত অর্থে যারাই জীবনে সংগ্রাম করেন বা সমস্যাকে মোকাবেলা করেন তারাই সফলতার দিকে ধাবিত হতে পারেন।
