আগরতলা।।এডিসি নির্বাচনের ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হওয়ার পর প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি দলের উদ্যোগে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বাভাবিক নিয়মেই নির্বাচন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে এবং ভোটের ফলাফল কি হতে পারে ইত্যাদি বিভিন্ন অংকে আলোচনা পর্যালোচনা পরিচালিত হয় বলে খবর নিয়ে জানা গেছে।
বৈঠক সম্পর্কে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় দাবী করেছেন বরাবর বিজেপি দলের উদ্যোগে নির্বাচনের পর বৈঠক অনুষ্ঠিত হয়।একই রকম ভাবে এই বৈঠক এবং এডিসি ভোট নিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন আপাতত দলীয় সূত্রে যা রিপোর্ট বেরিয়ে এসেছে সেই রিপোর্ট অনুযায়ী বলা যায় ফলাফল বিজেপি দলের অনুকূলে আসবে, তারপরেও সাবধানি মুখ্যমন্ত্রী ১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন।
পাশাপাশি রাজ্যের বিভিন্ন সন্ত্রাস বা ভোটের সময়ের যে ঘটনাগুলো এগুলো নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন ত্রিপুরা রাজ্য, কেরালা এবং পশ্চিমবাংলায় দীর্ঘ সময় ধরেই নির্বাচনে এই প্রকারের শক্তি প্রদর্শন থাকে যদিও এগুলা কাম্য নয় বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।গতকালকের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী সুকৌশলে গোটা ঘটনার বিষয়ে বল নির্বাচন কমিশনের কোর্টে ঠেলে দিয়ে দাবি করেছেন যদিও পুলিশ স্বরাষ্ট্র দপ্তরের আওতাধীন কিন্তু তারপরেও নির্বাচনের সময় সবগুলো বিষয় দেখে থাকেন নির্বাচন কমিশন।
দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ ADC নির্বাচনে দলীয় দায়িত্বে থাকা মন্ত্রী, বিধায়ক সহ বিজেপির সকল প্রার্থীরা বৈঠকে উপস্হিত ছিলেন।
