আগরতলা।।রাজধানী আগরতলা সংলগ্ন এলাকায় চাঞ্চল্যকর ঘটনা—বিয়ের মাত্র এক মাসের মধ্যেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক গৃহবধূর দেহ। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।
ঘটনাটি ঘটেছে মহেশখোলা বাইপাস সংলগ্ন দাসপাড়া এলাকায়। মৃতার নাম মৌ দাস।জানা গিয়েছে, স্বামী কিশোর দাস-এর সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। সম্প্রতি তাদের বিয়ে হয়েছিল এবং নতুন দাম্পত্য জীবন শুরু করেছিলেন।স্থানীয়দের দাবি, ঘরের ভিতর থেকেই ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।
প্রাথমিকভাবে স্বামী-স্ত্রীর মধ্যে বড় কোনও অশান্তির তথ্য সামনে না এলেও, কী কারণে এই ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
