আগরতলা।।টেট-২ উত্তীর্ণ প্রার্থীদের চাকরির দাবিতে রাজধানীতে বিক্ষোভ। অর্থমন্ত্রীর বাসভবন ঘেরাও ঘিরে উত্তেজনা, পুলিশি হস্তক্ষেপে আটক আন্দোলনকারীরা। টেট-২ পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের নিয়োগের দাবিতে মঙ্গলবার সিটি সেন্টার এলাকা থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। চাকরির দাবিতে একত্রিত হয়ে তারা স্লোগান দিতে দিতে এগিয়ে যায় অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়-এর সরকারি বাসভবনের দিকে।
অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ক্ষোভ বাড়ছে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে। দ্রুত একসাথে নিয়োগের দাবিতে তারা এদিন ঘেরাও কর্মসূচি গ্রহণ করে।মিছিল এগিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং বেশ কয়েকজনকে আটক করে এডি নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে আন্দোলনকারীদের দাবি, তাদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে এবং দ্রুত সমাধান না হলে আন্দোলন আরও তীব্র হবে।
