আগরতলা: এবার এডিসিতে নিশ্চিতভাবে সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি। জনজাতি ভাইবোনদের অটল বিশ্বাস ও আস্থা এডিসি এলাকায় ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রধান শক্তি। এডিসি এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য বিজেপিই একমাত্র নির্ভরযোগ্য বিকল্প।

এডিসি নির্বাচনকে সামনে রেখে আজ ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের মনোনয়ন পত্র জমা প্রদান কার্যক্রমে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। লংতরাইভ্যালিতে বিজেপি মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন – বিপিন দেববর্মা (দামছড়া–কচুছড়া), সুকেশ দত্ত বড়ুয়া (মনু–ছৈলেংটা) এবং এসমেল জয় ত্রিপুরা (ছাওমনু)।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, এডিসির নির্বাচন উপলক্ষে আজ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সব জায়গায় রাজ্য নেতৃত্ব মনোনয়ন পত্র জমা প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। তাই আমিও এজন্য লংতরাই ভ্যালিতে এসেছি। আজ এখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ৩জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাদের সঙ্গে আমিও অংশ নিয়েছি। বিশাল র‍্যালি করে মনোনয়ন পত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। মনে হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে নির্বাচন হওয়া উচিত তারই একটা ঝলক আজ প্রত্যক্ষ হয়েছে।

মুখ্যমন্ত্রী আরো বলেন, মানুষের মধ্যে একটা প্রচণ্ড উচ্ছ্বাস রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর মানুষের অগাধ আস্থা ও বিশ্বাস রয়েছে। যা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রমাণিত হয়েছে। আজ এখানে আমাদের ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এভাবে আজ সারা রাজ্যে আমাদের ২৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা করছেন। আর আমরা নিশ্চিত যে এবার ভারতীয় জনতা পার্টি এডিসিতে সরকার গঠন করবে।

এদিন এই কার্যক্রমে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভু লাল চাকমা, ভারতীয় জনতা পার্টির মনোনীত ৩জন প্রার্থী সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। মনোনয়ন পত্র জমা দেওয়ার মিছিলে এদিন ব্যাপক সংখ্যায় ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা যোগদান করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *