আগরতলা: মঙ্গলবার আগরতলায় অবস্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ে এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিপিন দেববর্মা, প্রদেশ সাধারণ সম্পাদক, এবং মিডিয়া ইনচার্জ সুমিত সরকার।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিপিন দেববর্মা জানান, প্রায় ৫৫টি পরিবারের মোট ২৭৫ জন ভোটার তিপ্রা মথা দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে তাদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেওয়া হয়। যোগদানকারীদের মধ্যে তিপ্রা মথা দলের কয়েকজন সক্রিয় নেতা-নেত্রীও রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গুরপদ দেববর্মা, উদিনা রুপিনি সহ আরও কয়েকজন নেতৃত্ব।

প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা তাদের উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান। এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিপিন দেববর্মা বলেন, আসন্ন এডিসি নির্বাচনে তিপ্রা মথা দলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে বিজেপির পক্ষ থেকে কোনো আলোচনা বা চিন্তাভাবনা নেই। তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেন, আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি ২৮টির মধ্যে ২৮টি আসনই জয় করবে।

এই যোগদান কর্মসূচিকে ঘিরে প্রদেশ বিজেপি কার্যালয়ে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *