আগরতলা।।পশ্চিম এশিয়া অঞ্চলে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানী তেলের সংকট হতে পারে এই আশঙ্কায় গত দু-একদিন ধরে রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে দ্বি-চক্রযান ও অন্যান্য গাড়ির চালকদের মধ্যে জ্বালানী তেল সংগ্রহের জন্য অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
এই পরিপ্রেক্ষিতে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের পক্ষ থেকে রাজ্যের জনগণের অবগতির জন্য জানানো হয়েছে যে, রাজ্যে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস মজুত রয়েছে। তাছাড়া, দেশের প্রধান অয়েল মার্কেটিং কোম্পানীর থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আপাতত আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে তেল মজুত রয়েছে। তাই জ্বালানী তেল ও রান্নার গ্যাস-এর সংকট নিয়ে চিন্তার কোনও কারণ নেই।
পাশাপাশি রাজ্যে খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীও যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে। তাই জ্বালানী তেল সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর সংকট নিয়ে জনসাধারণকে অযথা আতঙ্কিত না হতে রাজ্য সরকারের তরফ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
