আগরতলা : গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। যোগেন্দ্রনগর রেলস্টেশন এলাকা থেকে চন্দ্রপুর বাঁধের দিকে যাওয়ার সময় এস-কফ কাশির সিরাপসহ দুইজন বিহারের যুবককে আটক করে পুলিশ।
শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে নির্দিষ্ট এলাকায় নজরদারি চালানো হচ্ছিল। সেই সময় সন্দেহজনক গতিবিধির কারণে দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ এস-কফ সিরাপ উদ্ধার করা হয়। আটক দুই যুবক বিহারের বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। উদ্ধার হওয়া মাদকসামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, এই মাদকগুলি কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে। পূর্ব থানার পুলিশ মাদক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে দিকেও তদন্ত জোরদার করেছে।মাদকমুক্ত সমাজ গড়তে পূর্ব থানার পুলিশের এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি সুব্রত দেবনাথ।
