আগরতলা।। রাজধানীর তুলসীবতি বালিকা বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। শুক্রবার নিজের ভোটদান পর্ব সম্পন্ন করে কেন্দ্র থেকে বেরিয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় মুখ্যমন্ত্রী দাবি করেন, গোটা রাজ্যজুড়েই উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চলছে ভোটগ্রহণ।মুখ্যমন্ত্রী বলেন, ভোটাধিকার প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। তাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে প্রত্যেক নাগরিকের উচিত গণতন্ত্রের এই উৎসবে সামিল হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করা।

অন্যদিকে, বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে নির্বাচন প্রক্রিয়া এবং ভোটগ্রহণকে কেন্দ্র করে যে সমস্ত অভিযোগ তোলা হচ্ছে, সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিরোধীদের কাছে এ ধরনের অভিযোগ তোলা যেন রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। নির্বাচন শেষ হওয়ার পর বিরোধীরা কী ধরনের বক্তব্য রাখবে, তা রাজ্যবাসীর কাছে অনেকটাই পরিচিত বলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, কোথাও যদি সুনির্দিষ্টভাবে কোনও অভিযোগ থাকে, তাহলে নির্বাচন কমিশন নির্ধারিত নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সব মিলিয়ে রাজ্যের সার্বিক নির্বাচনী পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী দাবি করেন, গোটা রাজ্যেই সাধারণ মানুষ উৎসাহ ও স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করছেন। নিজের ভোটদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *