আগরতলা : চুরি বিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ। পৃথক দুটি অভিযানে চুরি যাওয়া গৃহস্থালি সামগ্রী ও স্বর্ণালংকার উদ্ধার করার পাশাপাশি চোর এবং চুরি করা স্বর্ণালংকারের ক্রেতাকেও আটক করেছে পুলিশ।
পূর্ব থানার পুলিশ সূত্রে জানা যায়, আগরতলা টাউন হল সংলগ্ন প্যালেস কম্পাউন্ড এলাকায় সম্প্রতি সংঘটিত একটি চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ চুরি যাওয়া টেবিল ফ্যান ও পাছড়া উদ্ধার করতে সক্ষম হয়। একইসঙ্গে ওই চুরির ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্ত চোরকেও আটক করা হয়েছে। এছাড়াও নয়নামুড়া লাড্ডু চৌমুহনী এলাকায় সংঘটিত আরেকটি চুরির ঘটনার তদন্তে পুলিশ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে। এই ঘটনায় চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে এবং স্বর্ণালংকার চুরির সঙ্গে জড়িত মূল অভিযুক্ত চোরের পাশাপাশি চুরি করা গয়না কিনে নেওয়া স্বর্ণালংকার বিক্রেতাকেও আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, প্রাপ্ত অভিযোগ ও গোপন সূত্রের ভিত্তিতে তদন্ত চালিয়ে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। এরপর পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে চুরি যাওয়া সামগ্রী ও স্বর্ণালংকার উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, আটক অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চুরির ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তদন্তের স্বার্থে আরও গ্রেফতার হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। পূর্ব থানার পুলিশের এই তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। সাম্প্রতিক সময়ে শহর এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ছিলেন সাধারণ মানুষ।
পুলিশের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপে ফের একবার মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছেছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। বলা বাহুল্য, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি-ডাকাতির মতো অপরাধ দমনে পূর্ব থানার পুলিশের এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
