আগরতলা : মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল বোধজং নগর থানার পুলিশ। রবিবার গভীর রাতে সাতমুখিয়া এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি অটো থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানার ওসি প্রশান্ত দে জানান, নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে সাতমুখিয়ায় নাকা চেকিং করা হচ্ছিল।
সেই সময় একটি সন্দেহজনক অটো থামিয়ে তল্লাশি চালানো হলে ধৃতদের কাছ থেকে মোট ৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে একজনের বাড়ি অড়ালিয়া এলাকায় এবং অন্যজনের বাড়ি সিপাহিজলা জেলায়। তবে অভিযানের সময় অটোর চালক পালিয়ে যেতে সক্ষম হয়। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, মাদক পাচারের সঙ্গে জড়িত বড় চক্রের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার ধৃত দুইজনকে আদালতে তোলা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, মাদক পাচারের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও একইভাবে জোরদার থাকবে।
