আগরতলা: আগরতলা পৌর নিগমের অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডে নতুন অফিস ভবন নির্মাণের লক্ষ্যে বৃহস্পতিবার ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আয়োজন করা হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার , কাউন্সিলার লতা নাথ, মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, নতুন অফিস ভবন নির্মিত হলে ওয়ার্ডের নাগরিক পরিষেবা আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে। জন্ম-মৃত্যু সনদ, কর সংক্রান্ত কাজ, অভিযোগ গ্রহণসহ বিভিন্ন প্রশাসনিক পরিষেবা এক ছাদের নিচে পাওয়া যাবে। কাউন্সিলার লতা নাথ জানান, ওয়ার্ডের বাসিন্দাদের সুবিধার্থে আধুনিক পরিকাঠামো গড়ে তোলাই মূল লক্ষ্য।
নতুন ভবনে পর্যাপ্ত বসার ব্যবস্থা, নথিপত্র সংরক্ষণের জন্য নির্দিষ্ট কক্ষ এবং নাগরিকদের জন্য সহায়তা কেন্দ্র থাকবে বলে জানা গেছে। স্থানীয়দের মতে, এতদিন অস্থায়ী বা সীমিত পরিসরে পরিষেবা পরিচালিত হওয়ায় নানা সমস্যার সম্মুখীন হতে হত। নতুন অফিস ভবন নির্মাণ হলে প্রশাসনিক কাজের গতি বাড়বে এবং সাধারণ মানুষ দ্রুত পরিষেবা পাবেন।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে আগরতলা পৌর নিগমের পরিষেবা ব্যবস্থায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে বলে মনে করা হচ্ছে।
