আগরতলা।। দেশকে সম্পূর্ণ নেশামুক্ত, সুস্থ ও সচেতন সমাজ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আগামী ৬ আগস্ট থেকে শুরু হচ্ছে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ‘১০ কোটির নেশা মুক্তি অঙ্গীকার মহা অভিযান’।
আগামীকাল ৬ই আগস্ট থেকে ২০শে আগস্ট, ২০২৬ পর্যন্ত ঐতিহাসিক “১০ কোটির নেশা মুক্তি অঙ্গীকার মেগা অভিযান’-এর জাতীয় স্তরীয় উদ্বোধনী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এই মহা অভিযানে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা, চিকিৎসক, যুবসমাজ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এই জাতীয় উদ্যোগ অভিযানের মাধ্যমে ১০ কোটি মানুষকে নেশামুক্ত জীবনের শপথ গ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
আজ প্রেসক্লাবে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই মহা অভিযান সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে স্বাক্ষরিত MoU অনুযায়ী, ব্রহ্মাকুমারীরা সারাদেশে জনসচেতনতা কর্মসূচি, মূল্যবোধ শিক্ষা এবং রাজযোগ ধ্যানের মাধ্যমে এই জাতীয় অভিযানে অংশগ্রহণ করবেন।
ব্রহ্মাকুমারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং রাজযোগ ধ্যানের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনে একটি নেশামুক্ত, সুস্থ ও উন্নত ভারত গড়ে তোলাই এই জাতীয় উদ্যোগের মূল উদ্দেশ্য।ব্রহ্মাকুমারীদের প্রতিনিধিরা জানিয়েছেন যে, “১০ কোটির নেশা মুক্তি অঙ্গীকার মেগা অভিযান একটি সুদূরপ্রসারী জাতীয় গণ আন্দোলন।
এই মহতী ক্যাম্পেইনটি ব্রহ্মাকুমারীদের প্রাক্তন মুখ্য প্রশাসক পরম শ্রদ্ধেয় রাজযোগিনী দাদি প্রকাশমণি জি-র ১৯তম পুণ্য স্মৃতি বার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে উৎসর্গীকৃত। পাশাপাশি এই অভিযান দেশের বিভিন্ন সরকারি নেশা বিরোধী কর্মসূচিকেও আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
